إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ
যারা আল্লাহর উপর ঈমান আনে তারাই আল্লাহর ঘর আবাদ করে — সূরা তাওবা: ১৮
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন
আল্লাহর সন্তুষ্টি অর্জনে মানবতার সেবায় আমাদের নিরলস যাত্রার গল্প
আমাদের লক্ষ্য
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো মানবতার সেবা করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। এটি শুধুমাত্র একটি দাতব্য প্রতিষ্ঠান নয়, বরং একটি মানবিক আন্দোলন, যা সমাজের সকল স্তরের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা, সামাজিক সহযোগিতা, চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা আমাদের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বৃত্তি প্রদান, যুবসমাজের দক্ষতা উন্নয়ন কর্মশালা আয়োজন, স্বনির্ভরতা সৃষ্টি, দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের দৃষ্টিভঙ্গি
আমাদের দৃষ্টিভঙ্গি হলো এমন একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা, যেখানে সকল মানুষ সমান সুযোগ পাবে এবং কেউ অবহেলিত থাকবে না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে, যাতে দেশের সর্বত্র সুবিধাবঞ্চিত মানুষ সহায়তা পায়। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিশ্বাস করে, মানবতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আমাদের ইতিহাস
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান, যা মানবতার সেবায় নিবেদিত। ফাউন্ডেশনের নাম রাখা হয়েছে ইসলাম ধর্মের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহোদয়ের শ্রদ্ধেয় পিতামাতা দক্ষিণ চট্টগ্রামের খ্যাতনামা ইসলামিক পণ্ডিত ও শিক্ষক আলহাজ্ব ড. মৌলানা হাবিব উল্লাহ ও তাঁর স্ত্রী প্রয়াত আলহাজ্জাহ নুরুন নাহার বেগমের সম্মানে। প্রতিষ্ঠাতা মহোদয়ের পিতামাতা উভয়ে ছিলেন সমাজসেবা ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ। তাঁদের জীবনাদর্শ ও মানবিক কর্মকাণ্ড থেকেই অনুপ্রাণিত হয়ে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনের নিবন্ধিত অফিস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর গ্রামে অবস্থিত, যেখানে থেকে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠাতার বাণী
"বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে দাঁড়ানো। মানবতার সেবাই আমাদের অঙ্গীকার, আর মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, ছোট ছোট মানবিক উদ্যোগই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আমরা নিষ্ঠা, স্বচ্ছতা ও আমানতের চেতনা নিয়ে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন মানুষ মানুষের পাশে দাঁড়ায়, তখনই বদলে যায় সমাজ, জাগ্রত হয় আশা, এবং নির্মিত হয় একটি আলোকিত ভবিষ্যৎ। আসুন, আমরা সবাই মিলে মানবতার এই পথচলায় অংশীদার হই।"